সৌদি আরবে বন্যায় আটকে পড়া বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করলেন তরুণরা
সৌদি আরবের মদিনা অঞ্চলের পশ্চিমে বদর গভর্নরেটে আকস্মিক বন্যায় পানিতে গাড়িসহ আটকে পড়া এক বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করেছেন একদল তরুণ।
শনিবার (৭ নভেম্বর) ভারী বৃষ্টির পর এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওয়াদি আল ওয়াসিতাহ এলাকায় বন্যায় পানিতে বৃদ্ধ দম্পতির গাড়িটি আটকা পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে উদ্ধার সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ওই তরুণেরা। পরে তারা বৃদ্ধ দম্পতিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।
সৌদি আরবের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মধ্যে এ ঘটনা ঘটে। শনিবার সকালে মদিনার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। আকাশ মেঘলা ছিল এবং আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।
সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) রোববার (৮ নভেম্বর) দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এতে জাজান, আসির, আল বাহা, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও প্রবল বাতাস হতে পারে। এসব বাতাসের কারণে ধুলা ও বালুঝড়ের আশঙ্কাও রয়েছে।
এ ছাড়া ওই এলাকাগুলো এবং তাবুক, আল জাউফ ও উত্তর সীমান্ত অঞ্চলের কিছু অংশে কুয়াশা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া কেন্দ্র।
হাইল অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, প্রবল বাতাস এবং দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। হাইল শহর, আশপাশের গভর্নরেট, খোলা এলাকা ও মহাসড়কগুলো এতে প্রভাবিত হতে পারে।
লোহিত সাগর ও আরব উপসাগরে প্রবল বাতাসের পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাসে লোহিত সাগর ও আরব উপসাগরেও পরিস্থিতির পরিবর্তনের কথা বলা হয়েছে।
লোহিত সাগরের উত্তর অংশে উত্তর-পশ্চিম থেকে উত্তর দিকের বাতাস ঘণ্টায় ২০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে। মধ্য অংশে উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পশ্চিম দিকের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ৩৮ কিলোমিটার থাকতে পারে। বজ্রঝড়ের সময় তা ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি হতে পারে।
দক্ষিণ অংশে দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণ দিকের বাতাস ঘণ্টায় ১৫ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে। বাব আল-মান্দেব প্রণালির দিকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
সাগরের উত্তর অংশে ঢেউয়ের উচ্চতা এক থেকে দুই মিটার হতে পারে। তবে মধ্য ও দক্ষিণ অংশে বজ্রঝড়ের সময় ঢেউ দুই মিটারের বেশি উঁচু হতে পারে। উত্তর অংশে সাগর সামান্য থেকে মাঝারি উত্তাল থাকতে পারে। মধ্য ও দক্ষিণ অংশে বজ্রঝড়ের সময় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।
আরব উপসাগরে বাতাসের গতিবেগ ৫০ কিলোমিটার ছাড়াতে পারে
আরব উপসাগরের উত্তর অংশে দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণ দিকের বাতাস ঘণ্টায় ১৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে বইতে পারে। পরে বাতাসের দিক পরিবর্তিত হয়ে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ৩০ কিলোমিটার বেগে বইতে পারে। তবে বাতাসের গতিবেগ ৫০ কিলোমিটারের বেশি হওয়ার আশঙ্কাও রয়েছে।
দক্ষিণ অংশে দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিম দিকের বাতাস ঘণ্টায় ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে বইতে পারে। বজ্রঝড়ের সময় তা ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি হতে পারে।
উপসাগরের উত্তর অংশে ঢেউয়ের উচ্চতা এক থেকে দুই মিটার থাকতে পারে। কখনো তা দুই মিটারের বেশি হতে পারে। দক্ষিণ অংশে ঢেউয়ের উচ্চতা আধা মিটার থেকে দেড় মিটার হতে পারে। বজ্রঝড়ের সময় তা দুই মিটারের বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
সাগরের অবস্থা সামান্য থেকে মাঝারি উত্তাল থাকতে পারে। তবে বজ্রঝড়ের সময় সাগর উত্তাল হয়ে উঠতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।
সূত্র: গাল্প নিউজ



























