রোববার ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৯, ৮ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড

হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড
ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, রোববার (৮ নভেম্বর) ভোরের দিকে অনুমোদনহীন তিনটি ট্যাঙ্কার হরমুজ প্রণালির অবৈধ চ্যানেল দিয়ে যাওয়ার সময় সেগুলোতে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। তবে ওই ট্যাঙ্কারগুলোর নাম বা সেগুলো কোন দেশের, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি আইআরজিসি।

এদিকে রোববার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও বলেছে, এক দিন আগে প্রণালিতে ওমানের খাসাব উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে আগুন ধরেছিল।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, সামরিক কর্তৃপক্ষ আগুন ধরে যাওয়া ট্যাঙ্কার ও এর কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া শনিবার অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে আরেকটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও জানিয়েছে ইউকেএমটিও।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, ওমান উপসাগরে আগুনে জ্বলতে থাকা একটি নৌযান থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

তবে ভিন্ন ভিন্ন এসব অগ্নিকাণ্ডের ঘটনা একই কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই তেহরান বলছে, হরমুজ প্রণালিতে বিভিন্ন জাহাজে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে নৌ চলাচল কঠোরভাবে সীমিত করেছে তেহরান। ইরানি কর্তৃপক্ষ বলেছে, কেবল ইসলামি প্রজাতন্ত্রের অনুমোদিত পথ ব্যবহার করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করতে পারবে।

তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গত মাসে বলেছিল, গ্রীষ্মের পর থেকে হরমুজ হয়ে উপসাগরীয় দেশগুলোকে ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে মার্কিন বাহিনী। একই সঙ্গে তাদের দাবি, সম্প্রতি এই জলপথ থেকে সব ধরনের মাইন অপসারণ করা হয়েছে।

জনপ্রিয়