শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১২, ৭ নভেম্বর ২০২৬

ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ

ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা উত্তেজনার প্রভাব পড়েছে সৌদি আরবের আকাশপথেও। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেশটির দুটি গুরুত্বপূর্ণ গন্তব্য রিয়াদ ও আবহায় আগামী ১৬ নভেম্বর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা ফ্লাইদুবাই। তবে ১৭ নভেম্বর থেকে এ দুই রুটে আবারও টিকিট বুকিংয়ের সুযোগ রাখা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ফ্লাইদুবাইয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফ্লাইট সূচি থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের কয়েকটি রুটে অবশ্য ধাপে ধাপে ফ্লাইট চালু করছে সংস্থাটি। বর্তমানে জেদ্দা, গাসিম, হাইল, তাবুক ও তাইফ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল করছে। পাশাপাশি আগামী ১০ নভেম্বর থেকে দাম্মাম রুটেও টিকিট বুকিং করা যাচ্ছে।

অন্যদিকে আলউলা, হুফুফ, জুফ, মদিনা, নজরান, নিওম, কাইসুমাহ ও ইয়ানবু রুটে এখনো টিকিট বুকিংয়ের সুযোগ চালু হয়নি। তবে ওয়েবসাইটে টিকিট না পাওয়া মানেই সংশ্লিষ্ট রুটের ফ্লাইট আনুষ্ঠানিকভাবে বাতিল—বিষয়টি এমন নয়। এ কারণে যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইদুবাইয়ের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবের বিমান চলাচল অবকাঠামো লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর থেকেই ফ্লাইট পরিচালনায় পরিবর্তন আনতে শুরু করে বিভিন্ন উড়োজাহাজ সংস্থা।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৬ ও ৭ অক্টোবর আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুইজন নিহত হন। আহত হন আরও ২৮ জন।

এর পরদিন ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও একাধিক হামলার ঘটনা ঘটে। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে ৯ অক্টোবরের হামলায় তিন সৌদি নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

তবে ১০ অক্টোবরের হামলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। ওই হামলার পর প্রাথমিকভাবে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছিল। পরবর্তী সময়ে আহতদের মধ্যে আরও কয়েকজন মারা যান।

গত ৪ নভেম্বর ভারতের দূতাবাস জানায়, ১০ অক্টোবরের ওই হামলায় আহত আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় আরেক ভারতীয় নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছিল। ফলে ওই হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

ধারাবাহিক এসব হামলার পর বিভিন্ন আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা সৌদি আরবগামী ফ্লাইট বাতিল, স্থগিত ও বিকল্প পথে পরিচালনার সিদ্ধান্ত নেয়। এতে দেশটির বিভিন্ন অঞ্চলের সঙ্গে আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে।

এদিকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির ইয়ানবু ও শারুরাহ এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়। পরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বিপদ কেটে যাওয়ার কথা জানালেও সতর্কতার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

এ ছাড়া সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, মদিনা অঞ্চলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। একই সময়ে পূর্বাঞ্চলের আকাশে একটি ড্রোনও ভূপাতিত করা হয়।

এমন পরিস্থিতিতে সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বুকিংয়ের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়