সোমবার ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ১৩ জুলাই ২০২৬

বাসায় ডেকে রেলের কর্মকর্তাকে হত্যা, প্রেমিকা বিউটি কারাগারে

বাসায় ডেকে রেলের কর্মকর্তাকে হত্যা, প্রেমিকা বিউটি কারাগারে
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে প্রেমের সম্পর্কের জেরে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা মামুন মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রেমিকা বিউটি আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান আসামিকে ঢাকার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বিউটি আক্তারের ননদের মাধ্যমে মামুন মিয়ার সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত দেখা-সাক্ষাৎ চললেও বিষয়টি মামুনের পরিবার জানত না।

গত শুক্রবার চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় এসে মহাখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন। এরপর তিনি মামুনকে সেখানে দেখা করার জন্য ডাকেন। শনিবার সকাল ১১টার দিকে মামুন সেখানে গেলে বিয়ের বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে দুপুর দেড়টার দিকে বিউটি ধারালো ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গে আঘাত করেন। পরে তার পেটেও ছুরিকাঘাত করা হয়। মামুনের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের চাচা শমসের আলী বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

জনপ্রিয়