সাবেক সচিব জিয়াউলকে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কাফরুল থানা এলাকায় মাহবুব হাসান মামুন নামে এক ব্যক্তি হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউলকে গ্রেপ্তার দেখানো শুনানি পিছিয়ে আগামী ১৫ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত।
সোমবার (১৩ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এ তারিখ নির্ধারণ করেন।
গত ৯ জুলাই আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক মো. আব্দুল আলীম। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ সোমবার দিন নির্ধারণ করেন। তবে শুনানির সময় এই মামলার মূলনথি না থাকায় আদালত আগামী ১৫ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। শুনানির সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানার বিআরটিএর সামনে আন্দোলনে অংশ নেন ভিকটিম মাহবুব হাসান মামুন (৩৪)। ওইদিন বিকেল সাড়ে ৪ টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে এজাহারভুক্ত আসামি করে রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন।
গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে ব্যাপক সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পুলিশ রিমান্ডের আবেদন করতে পারে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তদন্তে প্রাপ্ত আসামি হিসাবে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।



























