প্রতারণার মামলা থেকেও জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট দুটি হত্যামামলা থেকে জামিনের পর, এবার প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মামলা থেকেও জামিন পেলেন—বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদি।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তৌহিদ আফ্রিদির পক্ষে তার আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জামিন চেয়ে শুনানি করেন।
শুনানি নিয়ে আদালত তার জামিনের আদেশ দেয় বলে জানিয়েছেন অ্যাডভোকেট ইকবাল মাহমুদ শোভন।
তিনি বলেন, ‘তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। দুই মামলায় উচ্চ আদালত থেকে আগেই জামিন পেয়েছেন। আজ ওয়ারি থানার মামলা থেকেও জামিন পেলেন।’
তিনি জানান, তিন মামলায় জামিনের আদেশ হওয়ায় তার কারামুক্তিতে বাধা নেই।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে একাধিক মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ।



























