বুধবার ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:০৭, ১৪ জুলাই ২০২৬

জয় বাংলা স্লোগানে তোপের মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা

জয় বাংলা স্লোগানে তোপের মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা
ছবি: সংগৃহীত

ঢাকার অধস্তন আদালতে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তোপের মুখে পড়েছেন। 

মঙ্গলবার শেখ হাসিনাসহ ২৮৬ আসামির রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি পরবর্তী সময়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এসময় বিএনপি সমর্থিত আইনজীবীরা আওয়ামীপন্থী কয়েকজনের ওপর চড়াও হন। পরে ধাক্কাতে ধাক্কাতে তাদেরকে ঢাকা আইনজীবী সমিতিতে নেয়া হয়। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে সর্তক করে ছেড়ে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তরর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেন আসামি পক্ষের আইনজীবী গোলাম রাব্বানী, কামরুল ইসলামসহ কয়েকজন তারা মামলা বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। তাদের ভাষ্য, সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মতো কোন ঘটনায় এই মামলায় নেই। মিথ্যা মামলা দিয়ে তাদের আটক রাখা হয়েছে। মামলায় রাষ্ট্রবিরোধীর কোন উপদান নেই। শুধু হয়রানি করার জন্য তাদের আটক রাখা হচ্ছে। আসামিরা সম্পূর্ণ নির্দোষ।
আরও পড়ুন

তাদের বক্তব্য শেষ না হতেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সদস্য সচিব নিহার হোসেন ফারুকসহ কয়েকজন আইনজীবী তাদের সামনে এসে দাঁড়ান। কিছুক্ষণ পরে তাদের বিভিন্ন বিষয়ে জেরা করতে থাকেন। এক পর্যায়ে বিএনপি পন্থি আইনজীবীরা তাদের পেছন থেকে ধাক্কা দিতে দিতে আদালত চত্তর থেকে ঢাকা আইনজীবী সমিতিতে নিয়ে যান। তবে ঘটনার ছবি নিতে গেলে আইনজীবী নিহার হোসেন ফারুক সাংবাদিকদের নিষেধ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম খান জানান, আওয়ামী পন্থী আইনজীবীরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা করছিল। আমি তাদেরকে কয়েকবার সতর্ক করে আসেছি। কারণ পুলিশ ধরপাকড় করলে দোষীদের সঙ্গে নির্দোষীরাও আটক হতে পারে। একারণে তাদের ঢাকা বারে আনা হয়েছিল। পরবর্তীতে তাদের সতর্ক করে ছেড়ে দিয়ে হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য সচিব নিহার হোসেন ফারুক বলেছেন, এটা রাজনৈতিক কোন বিষয় নয়। ব্যক্তিগত টাকা পয়সার লেনদেনের বিষয় ছিল। তাদের আইনজীবী সমিতিতে নিয়ে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে।

এ বিষয়ে আওয়ামী পন্থী আইনজীবী গোলাম রাব্বানীর ভাষ্য, জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ঝামেলা হয়। পরে তারা (বিএনপিপন্থী) আমাদেরকে আইনজীবী সমিতিতে নিয়ে যায়। তারা আমাদেরকে বলে, তাদের ওপর চাপ থাকে এজন্য এমন স্লোগান এবং বিশৃঙ্খলা যেনো না করি। পরে আমাদেরকে ছেড়ে দেয়। জয় বাংলা স্লোগান দেওয়ার বিষয়ে তিনি বলেছেন, আজকে কিছু আসামিদের দেখতে আসা লোকজন আদালতে জয় বাংলা স্লোগান দেওয়ার চেষ্টা করে, এ নিয়ে মূলত ঝামেলাটা সৃষ্টি হয়।

সূত্র: আগামীর সময়

জনপ্রিয়