শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আদালতের নির্দেশে দুই আসনের ফল স্থগিত হয়েছে : ইসি

আদালতের নির্দেশে দুই আসনের ফল স্থগিত হয়েছে : ইসি
ছবি: সংগৃহীত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

তবে আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষণার বাইরে থাকা আসন দুটি হলো চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪। প্রাথমিক ফলাফলে এসব আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীর ও আসলাম চৌধুরী এগিয়ে রয়েছেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিএনপির ওই দুই প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বীরা। এতে তাদের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হয় এবং নির্বাচনে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।

পরবর্তীতে আদালত তাদের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিলেও সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল ঘোষণা না করার নির্দেশ দেন। আদালতের এই আদেশের প্রেক্ষিতে ইসি চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা থেকে বিরত রয়েছে।