শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

মনে রাখবেন, এক মাঘে শীত যায় না: সারজিস আলম

মনে রাখবেন, এক মাঘে শীত যায় না: সারজিস আলম
ছবি: সংগৃহীত

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে ৩০ এর অধিক জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে।  হুমকি দিয়ে চলেছে, অনেকে ঘরে থাকতে পারছে না। অতীত থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিএনপিকে উদ্দেশে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, বিএনপি কি এখনও পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি-না সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। আমরা রাজনীতি করতে এসেছি। পুরোনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহবান করছি।

তিনি বলেন, ৪৮শতাংশ মানুষকে প্রতিপক্ষ বানিয়ে পঞ্চগড়-১ আসনে বিএনপি যদি রাজনীতি করতে চায় তাহলে এর মূল্য তাদের কাছে চুকাতে হবে। হয় সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন, না হয় আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। দেখি আপনারা কত পারেন, আর আমরা কত পারি।

আলাদা পোস্টে সারজিস অভিযোগ করেন, পঞ্চগড়ের মীরগড়ে বিএনপির নেতাকর্মীদের দ্বারা দোকান ভাঙচুর করা হচ্ছে, বাড়িতে আক্রমণ করা হচ্ছে, রগ কেটে নেয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিএনপির প্ল্যান কি?

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরে গেছেন সারজিস আলম। নওশাদ জমির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। সারজিস আলম শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।