শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন–এর নেতৃত্বে কমিশনের অনুমোদনের পর সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়।

এবার নির্বাচন অনুষ্ঠিত হয় ২৯৯টি আসনে, তবে আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম অঞ্চলের দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। এছাড়া শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত থাকায় ওই আসনও গেজেটের বাইরে রাখা হয়েছে।

ইসি সচিবালয় জানিয়েছে, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সদস্যদের নাম ও পরিচয়সহ আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে। বিধি অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।

নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন—দলীয় ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী ছিলেন ৮০ জন। নির্বাচন কমিশন মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেয়।

সংসদ সচিবালয় জানিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রোটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবাসুবিধা নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে শুক্রবার দুপুরে ইসি ২৯৭ আসনের চূড়ান্ত ফল ঘোষণা করে। 

ঘোষিত ফল অনুযায়ী, সংসদ নির্বাচনে বিএনপি পেয়েছে ২১২টি আসন, জামায়াতে ইসলামী ৭৭টি, জাতীয় নাগরিক পার্টি ৭টি এবং বাকি আসনগুলো স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা পেয়েছেন।

ভোটের হার ছিল ৫৯.৪৪ শতাংশ (২৯৭ আসনের ভিত্তিতে)। অন্যদিকে সংবিধান সংস্কার বিষয়ক গণভোটে অংশগ্রহণের হার ছিল ৬০.২৬ শতাংশ, যা ২৯৯ আসনের তথ্য একীভূত করে নির্ধারণ করা হয়েছে।