বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ৪ মার্চ ২০২৬

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি দুটি বিষয়ে অনুশাসন দিয়েছি। প্রথমত, চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করা হবে এবং তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় আনা হবে। দ্বিতীয়ত, অস্ত্রধারী সন্ত্রাসী, দাগি আসামি এবং যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে—তাদের একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেই তালিকা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এই কার্যক্রম ঢাকা থেকে শুরু হবে এবং পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে নির্মোহ তালিকা প্রণয়ন করে অভিযান পরিচালনা করবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং সব কার্যক্রম আইনের গতিতেই পরিচালিত হবে।

মন্ত্রী বলেন, “আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে, দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। আশা করছি, খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”