বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ৫ মার্চ ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, আটক ১

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, আটক ১
ছবি: সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তরা মাসুম বিল্লাহ (৪০) নামে একজন শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে।

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের বাটার দোকানের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি উপজেলা শ্রমিক দলের আহ্বায়কও ছিলেন।

হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম।

এ সময় অশোক ঘোষ নামে এক দুর্বৃত্তকে অস্ত্রসহ আটক করেছে স্থানীয়রা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রাত ৯টার দিকে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে মাসুম বিল্লাহ অবস্থানকালে ৫ জন দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। গলায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে স্থানীয় জনতা ও পুলিশ অশোক ঘোষ নামে একজনকে বিদেশি পিস্তলসহ আটক করতে সক্ষম হয়। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে, আশঙ্কাজনক অবস্থায় মাসুম বিল্লাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ চেকপোস্ট বসানো হয়েছে।

পুলিশ জানায়, আটক অশোক ঘোষ পুলিশের তালিকাভুক্ত গ্রেনেড বাবু গ্রুপের সদস্য। কী কারণে মাসুম বিল্লাহকে হত্যা করা হয়েছে তা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।