বুধবার ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:০১, ৪ মার্চ ২০২৬

‘সেবা এক্সওয়াইজেডের’ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‘সেবা এক্সওয়াইজেডের’ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবি: সংগৃহীত

দেশীয় স্টার্টআপ সেবা এক্সওয়াইজেড–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যান আদনান ইমতিয়াজ হালিম–এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রতিষ্ঠানের সাবেক এক কর্মকর্তার দায়ের করা মামলায় গত ১৮ ফেব্রুয়ারি এ আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত-৩–এর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ।

আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির সাবেক চিফ অপারেটিং অফিসার (সিওও) রোনাল্ড মিকি গোমেজ এ মামলা করেন। তার অভিযোগ, চাকরির সময় বেতনের বিপরীতে যে আয়কর কেটে রাখা হয়, তার চালানের কপি তাকে সরবরাহ করা হয়নি। এর ফলে বেতনের বিপরীতে ‘সেবা এক্সওয়াইজেডের’ কেটে রাখা প্রায় ১৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়নি বলে আশঙ্কা করছেন মিকি গোমেজ। ভুক্তভোগীর মোট বকেয়া ৪১ লাখ টাকা।

মিকি গোমেজ জানান, ২০২৪ সালের জুনে তিনি সিওও হিসেবে যোগ দেন। ওই বছরের জুলাই থেকে পরের বছরের জুলাই পর্যন্ত তার বেতন থেকে ১৩ লাখ ১ হাজার ৭৯৮ টাকা আয়কর কেটে রাখা হয়। পরে প্রতিষ্ঠানের চাপে অক্টোবরে পদত্যাগ করলেও ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তবে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসের বেতন পরিশোধ করা হয়নি। উল্টো ওই সময় আরও ৫ লাখ ১৮ হাজার ৪৮৫ টাকা আয়কর হিসেবে কেটে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

মামলার নথি অনুযায়ী, ৩৬২/২৬ নম্বর সিআর মামলায় এ পরোয়ানা জারি করা হয়েছে। আসামির ঠিকানা মিরপুর ডিওএইচএস এলাকায় হওয়ায় পরোয়ানা তামিলের জন্য ডিএমপির মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বকেয়া বেতনের দাবিতে শ্রম আদালতেও পৃথক মামলা করেছেন মিকি গোমেজ। তার অভিযোগ, মামলা প্রত্যাহার না করলে বেতন পরিশোধ করা হবে না—এমন চাপ দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আদনান ইমতিয়াজ হালিম বলেন, িএটি সাবেক এক কর্মীর সঙ্গে বকেয়া পাওনা সংক্রান্ত একটি বিরোধ, যা কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও আর্থিক পরিস্থিতির প্রেক্ষিতে তৈরি হয়েছে। আমরা আদালতের প্রতি পূর্ণ সম্মান রেখে আইনগত প্রক্রিয়ায় সহযোগিতা করছি। আশা করি আদালতের মাধ্যমেই বিষয়টি পরিষ্কার হবে।’

সূত্র: এশিয়া পোস্ট

সর্বশেষ