বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকাপড়া ১৮৯ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে অনিশ্চয়তার দিন কাটানো ১৮৯ বাংলাদেশির জন্য অবশেষে স্বস্তির খবর এলো। বিশেষ ব্যবস্থায় দেশে ফিরলেন তারা, আর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল তাদের স্বজনদেরও।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং মানবিক দায়িত্ববোধ থেকে এ বিশেষ উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা–চট্টগ্রাম–আবুধাবি–ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে নিয়মিত ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় দুবাইয়ে আটকা পড়েছিলেন এসব বাংলাদেশি। অনিশ্চয়তার মধ্যে দিন পার করছিলেন তারা।
এদিকে প্রিয়জনদের ফেরার খবরে তাদের পরিবার-স্বজনদের অনেকেই গভীর রাতেই বিমানবন্দরে এসে অপেক্ষা করতে থাকেন। কেউ কেউ সেখানেই সেহরি সারেন।
বিমান অবতরণের খবর পেয়ে স্বস্তি ফিরে আসে অপেক্ষমাণ স্বজনদের মাঝে। দীর্ঘ উদ্বেগের পর প্রিয় মানুষদের নিরাপদে ফিরে পাওয়ার আনন্দেই ভরে ওঠে বিমানবন্দর এলাকা।



























