আসিফ মাহমুদের স্ত্রীর ব্যাংক হিসাবে মাত্র ৬১৩ টাকা
নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের অবস্থাও তুলে ধরেছেন তিনি।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আসিফ মাহমুদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার বাবার বর্তমানে পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। তবে বাবার নামে ১০ লাখ টাকার একটি সার্ভিস লোন রয়েছে, যা প্রতি মাসে বেতন থেকে কেটে নেওয়া হয়। বর্তমানে ওই লোনের বকেয়া রয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। অর্থাৎ ব্যাংকে থাকা অর্থ থেকে লোনের পরিমাণ বাদ দিলে তার বাবা এখনো ৮২ হাজার ৪৫ টাকা দেনায় রয়েছেন।
এছাড়া তার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা।
নিজের ব্যাংক হিসাব সম্পর্কে আসিফ মাহমুদ জানান, তার সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। তিনি বলেন, উপদেষ্টা হিসেবে ১৬ মাস দায়িত্ব পালনকালে তার বেতন ও ভাতার টাকা স্যালারি অ্যাকাউন্টে জমা হয়েছে।
তিনি আরও জানান, দায়িত্ব পালনকালে সরকারিভাবে পাঁচটি বিদেশ সফর করেছেন এবং সেসব সফরের টিএ-ডিএর টাকাও তার স্যালারি অ্যাকাউন্টে এসেছে। এছাড়া বিভিন্ন সরকারি ভাতাও ওই অ্যাকাউন্টে জমা হয়েছে। সরকারে যোগ দেওয়ার আগে ওই অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ছিল।
সব মিলিয়ে তার স্যালারি অ্যাকাউন্টে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা এবং উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে ওই অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।
এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার (২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, “বিগত সময়ে যারা মনোক্ষুণ্ন হয়েছেন এবং আওয়ামী লীগের যারা এখনো দেশে রয়েছেন, তারাই এসব অভিযোগ তুলছে।”
তিনি আরও বলেন, “আমি যখন দায়িত্ব ছাড়লাম তখন এসব কথা ওঠেনি। কিন্তু আমার সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাবনার কথা ওঠার পর থেকেই এ ধরনের গুঞ্জন ছড়ানো হচ্ছে।”
ব্যাংক হিসাব তলবের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশকে একটি দলের ‘হীন উদ্দেশ্য’ বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, ব্যাংক হিসাব তলব করে রহস্য তৈরির চেষ্টা করা হচ্ছিল, তাই আগেই তিনি নিজের হিসাব প্রকাশ করে বিষয়টি পরিষ্কার করেছেন।



























