রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫, ১৫ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ
ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়ের ইতি টানলেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

করাচিতে জন্ম নেওয়া সরফরাজের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ২০০৭ সালে ওয়ানডে ম্যাচ দিয়ে। এরপর ২০১০ সালে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ঘটে তার। পাকিস্তানের হয়ে তিনি খেলেছেন ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে এবং ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ। তিন ফরম্যাট মিলিয়ে তার সংগ্রহ ৬ হাজার ১৬৪ রান। ক্যারিয়ারে করেছেন ৬টি সেঞ্চুরি ও ৩৫টি অর্ধশতক। উইকেটের পেছনে তার ঝুলিতে আছে ৩১৫টি ক্যাচ এবং ৫৬টি স্টাম্পিং।

অধিনায়ক হিসেবেও সফল ছিলেন সরফরাজ। তিন ফরম্যাট মিলিয়ে তিনি পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন ১০০টি আন্তর্জাতিক ম্যাচে। তার নেতৃত্বে এক সময় টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে পাকিস্তান। এছাড়া তার অধীনেই দলটি টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজ জয়ের বিশ্বরেকর্ড গড়ে।

সরফরাজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-এ। তার নেতৃত্বে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান। এর মাধ্যমে তিনি পাকিস্তানের প্রথম অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করেন। এর আগে ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। ফলে জুনিয়র ও সিনিয়র—দুই পর্যায়েই আইসিসি শিরোপা জেতা একমাত্র পাকিস্তানি অধিনায়ক হিসেবে অনন্য কীর্তি গড়েন সরফরাজ।

ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল এই উইকেটরক্ষক ব্যাটার। ২০১৯ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টেস্টে ১০টি ক্যাচ নিয়ে পাকিস্তানের হয়ে রেকর্ড গড়েন তিনি। এছাড়া ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরি করে পাকিস্তানের একমাত্র উইকেটকিপার ব্যাটার হিসেবে সেই কীর্তিও গড়েন।

সবশেষে ২০২৩ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে পাকিস্তানের জার্সিতে মাঠে নেমেছিলেন সরফরাজ। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, “পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। ২০০৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা থেকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তোলা—প্রতিটি মুহূর্তই আমার কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।”

সর্বশেষ