রোববার ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ৭ জুন ২০২৬

তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ জন এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ জন এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে এই অধিবেশন শুরু হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পর এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।

এদিন অধিবেশন শুরুর আগে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ জন এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেই সঙ্গে নারী সদস্যদের কারণে এবারের সংসদ পূর্ণতা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শোক প্রস্তাবে যাদের স্মরণ করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ।

এছাড়াও শোক প্রস্তাবে স্মরণ করা অন্যরা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ওইদিন রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠের মাধ্যমে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। তার আগে রীতি অনুসারে সংসদ অধিবেশনে পর্যায়ক্রমে বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জনপ্রিয়