রোববার ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ৭ জুন ২০২৬

যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে: সুনেরাহ

যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে: সুনেরাহ
ছবি: সংগৃহীত

দর্শকের ভালোবাসায় নিজের নামটাই যেন হারিয়ে ফেলেছেন সুনেরাহ বিনতে কামাল। এখন তাকে ‘সুনেরাহ’ বলে নয়, বরং ‘সায়রা’ নামেই বেশি চেনেন অনেকে। জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ অভিনয় করা এই চরিত্রটি এতটাই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে যে বাস্তব জীবনেও সেই পরিচয়ই হয়ে উঠেছে অভিনেত্রীর নতুন নাম।

চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নাটকেই বেশি ব্যস্ত সময় পার করছেন এ প্রজন্মের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। হালের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এমনকি দর্শকের কাছে তিনি সুনেরাহ থেকে ‘সায়রা’ নামেই পরিচিতি পেয়ে গেছেন।

শনিবার রাতে নাটকটির সাকসেস পার্টি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন নাটকটির নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুনেরাহর কাছে জানতে চাওয়া হয়, তিনি নাকি সত্যিই ‘সায়রা’ হয়ে গেছেন!

জবাবে অভিনেত্রী বলেন, “সত্যিই, আমি যেখানেই যাই, সবাই সায়রা বলে ডাকে। ক’দিন আগে এক আন্টিও ‘সায়রা’ বলে ডেকে প্রশংসা করলেন। আমি উনাকে বললাম, আন্টি আমার নাম তো সুনেরাহ। তিনি বলেন, ‘না না, আমি তোমাকে সায়রা বলেই ডাকব’। এরকম আরো অনেকেই বলেন।”

চরিত্রের নামে পরিচিতি পাওয়াকে নিজের অভিনয়জীবনের বড় অর্জন বলেই মনে করেন সুনেরাহ। তিনি বলেন, “আজ (শনিবার) নাটকটির সাকসেস পার্টি হচ্ছে। দর্শক আমাকে যেভাবে সায়রা হিসেবে গ্রহণ করে নিয়েছেন, নিজের পরিবারের সায়রা মনে করছেন, এটা আমার জন্য অনেক বড় সাফল্য ও অর্জন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার এবং অভিনেত্রী কেয়া পায়েলসহ অনেকে।

উল্লেখ্য, গত ৮ মে ধারাবাহিক নাটকটির শেষ পর্ব প্রচারিত হয়েছে। তবে দর্শকপ্রিয় এই নাটকের নতুন কোনো সিজন আসবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নির্মাতারা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়