বিটিআরসির স্পেকট্রামের ডিজি হলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির জামাতা
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন টেলিকম কর্মকর্তা তারঘীবুল আলমক। তিনি সম্পর্কে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) -এর জামাতা।
গতকাল রবিবার (২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, টেলিযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এবং বর্তমানে প্রেষণে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত তারঘীবুল আলমকে বদলিপূর্বক বিটিআরসির মহাপরিচালক হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, মন্ত্রণালয়ের সরকারি প্রজ্ঞাপনে তার নাম তারঘীবুল আলম উল্লেখ করা হলেও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির দাপ্তরিক ওয়েবসাইটে তার নাম তারঘীবুল ইসলাম হিসেবে রয়েছে। তবে নির্ভরযোগ্য সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেছে যে, উভয় নথিতে উল্লিখিত ব্যক্তি একই কর্মকর্তা। তার প্রকৃত নাম তারঘীবুল ইসলাম। তারঘীবুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কন্যা শামামা শাহরীন হাফিজ টিয়া এর স্বামী।
এর আগে গত ২৮ জুলাই সশস্ত্র বাহিনীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বিটিআরসির সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হককে। তার স্থলাভিষিক্ত হিসেবেই দায়িত্ব পেতে যাচ্ছেন তারঘীবুল। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।



























