জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবিতে ‘মম শির ২৪-এর অভ্যুত্থান’ ম্যাগাজিন বিতরণ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অন্যতম সামাজিক সংগঠন ‘উন্নত মম শির’ এর উদ্যোগে বিশেষ স্মারক ম্যাগাজিন ‘মম শির ২৪ এর অভ্যুত্থান’ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের হাতে এই ম্যাগাজিন তুলে দেন সংগঠনের সদস্যরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে যবিপ্রবি শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, অসামান্য অবদান ও গৌরবোজ্জ্বল কার্যক্রমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। একইসাথে শহীদদের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং মেধার পাশাপাশি মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
সংগঠনটির সভাপতি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল শাহারিয়া রাফিদ বলেন, "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আমাদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে ক্লাবের বিশেষ ম্যাগাজিন 'মম শির ২৪-এর অভ্যুত্থান' বিতরণ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো নবীনদের মাঝে গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া, যেন তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে উদ্বুদ্ধ হয় এবং একজন প্রকৃত মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।"



























