বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি নিয়ে যবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে আগ্রহ সৃষ্টি, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দিতে "বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতির দিকনির্দেশনা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে "Higher Studies Abroad: A Journey Talk" শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জনকারী যবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য কেবল সনদ অর্জন নয়; বরং অর্জিত জ্ঞান ও গবেষণাকে দেশের কল্যাণে কাজে লাগানো। বিদেশে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থী দেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়েরও প্রতিনিধি। তাই সততা, গবেষণার মান ও ইতিবাচক মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিদেশে অবস্থানকালে কোনো ধরনের অসততা বা শর্টকাটের আশ্রয় না নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ অর্জন নিঃসন্দেহে গৌরবের বিষয়। তবে অর্জিত জ্ঞান ও দক্ষতা নিয়ে দেশে ফিরে দেশের উন্নয়নে অবদান রাখাই হওয়া উচিত শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, নিজের মাতৃভূমির উন্নয়নে কাজ করার আত্মতৃপ্তির সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান। পরে ফুল-ফান্ডেড স্কলারশিপপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ, আবেদন প্রক্রিয়া, আইইএলটিএস ও জিআরই প্রস্তুতি, গবেষণার সুযোগ এবং বিশ্ববিদ্যালয় নির্বাচনের বিভিন্ন কৌশল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন।
সেমিনার শেষে বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের সম্মেলন কক্ষে "ফুল-ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা-২০২৬" অনুষ্ঠিত হয়। এ সময় স্কলারশিপপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বিশ্ববিদ্যালয়ের স্মারক উপহার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তরের সহকারী পরিচালক মো. শাহনুর রহমান।



























