শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ২৯ আগস্ট ২০২৬

গাছ রোপণের পাশাপাশি এর পরিচর্যায়ও গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী

গাছ রোপণের পাশাপাশি এর পরিচর্যায়ও গুরুত্ব দিতে হবে: ভূমিমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু ব্যাপক বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণের পর গাছগুলো সুস্থভাবে বড় হয়ে ওঠা পর্যন্ত নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বজ্রপাতের ঝুঁকি কমানো এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে আয়োজিত তালগাছ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, গাছের চারা রোপণের চেয়ে সেটিকে সুস্থভাবে বেড়ে ওঠার উপযোগী করে তোলা অনেক বেশি কঠিন। বিশেষ করে তালগাছের ক্ষেত্রে প্রকৃতিগত কারণেই বাড়তি যত্ন ও পরিচর্যার প্রয়োজন হয়।

ভূমিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে তালগাছ রোপণের এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তবে পরিবেশ রক্ষায় শুধু তালগাছের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। বিভিন্ন প্রজাতির গাছ ব্যাপকভাবে রোপণ করতে হবে এবং সেগুলো বড় হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, ‘তালগাছ রোপণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে রোপণের জন্য চারা বিতরণ করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এটি একটি ভালো উদ্যোগ। আমরা সবাই মিলে বেশি বেশি গাছ লাগাবো। এতে পরিবেশ রক্ষা পাবে, একই সঙ্গে মানুষ ও পশু-পাখির জীবনও সুরক্ষিত হবে।’

জনপ্রিয়