গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মসজিদসহ ২০ টি দোকান পুড়ে ছাই
গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, ঝুট ও তুলার গুদামসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাজারে আগুন লাগার খবর পান তারা। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
তিনি জানান, চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙারির দোকান এবং একটি মসজিদ পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।



























