স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচন করার সুযোগ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি
এমপিওভুক্ত শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। তবে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
গত ২১ জুলাই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। ঋণখেলাপি ও ঋণের জামিনদারদেরও প্রার্থী হিসেবে অযোগ্য বিবেচনা করা হবে। এছাড়া ইউটিলিটি বিল বকেয়া থাকলেও নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য হবেন।
ইসি সচিব আরও জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনের পাঁচটি প্রতিষ্ঠান—ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের সংশ্লিষ্ট আইনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।



























