সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ধাপে ধাপে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হতে পারে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরপর পর্যায়ক্রমে আরও ছয় ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক্-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের ইউনিয়ন পরিষদগুলোকে সাতটি ধাপে ভাগ করে নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এসব ইউনিয়নে সাত ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপের নির্বাচন আগামী ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।

পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপ ২৭ মে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়, প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। তৃতীয় ধাপের নির্বাচনকে ঘিরে এ আলোচনা হতে পারে বলেও জানান তিনি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়