সড়ক নিরাপত্তায় নিসচার ১৫ দফা দাবি
সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দেশের সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তা জোরদারে ১৫ দফা দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরে নিসচার একটি প্রতিনিধি দল। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিসচার ১৫ দফা দাবি:
১. জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলে নিসচার প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
২. বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পসহ সরকারের বিভিন্ন সড়ক নিরাপত্তামূলক কার্যক্রমে নিসচাকে সম্পৃক্ত করা।
৩. জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচিতে নিসচার মহাসচিবকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া।
৪. শক্তিশালী জাতীয় দুর্ঘটনা ডাটাসেল গঠন করে তথ্যভিত্তিক নীতি গ্রহণ করা।
৫. চালক, শিক্ষার্থী ও শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি পাঠ্যপুস্তকে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা।
৬. সড়ক নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা।
৭. সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা।
৮. জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ গঠন করা।
৯. রিয়েল টাইমে দুর্ঘটনার তথ্য পর্যবেক্ষণ, প্রযুক্তিনির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ, সিসিটিভি ও স্পিড ক্যামেরার ব্যবহার এবং অটোমেটেড ফাইন ব্যবস্থা চালু করা।
১০. পরিবহন খাতে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, চালকদের কর্মঘণ্টা ও বিশ্রাম নিশ্চিত এবং লাইসেন্স ও ফিটনেস ব্যবস্থায় কঠোরতা আরোপ করা।
১১. ওভারস্পিডিং ও ওভারলোডিং নিয়ন্ত্রণ এবং নিয়মিত চালকদের ডোপটেস্টের ব্যবস্থা করা।
১২. রেলপথে স্বয়ংক্রিয় গেট, আধুনিক সিগন্যালিং ও ট্র্যাক মনিটরিং ব্যবস্থা চালু এবং অবৈধ রেললাইন পারাপার বন্ধ করা।
১৩. নৌপথে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ, অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ এবং লাইফ জ্যাকেট ও জরুরি সরঞ্জাম নিশ্চিত করা।
১৪. মহাসড়কে ইমার্জেন্সি রেসপন্স ইউনিট, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও ট্রমা সেন্টার স্থাপন করা।
১৫. নিরাপদ সড়ককে জাতীয় অগ্রাধিকার দিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ গ্রহণ করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিসচার দাবিগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি বিষয়গুলো নিজে যাচাই করে দেখবেন এবং দ্রুত সময়ের মধ্যে নিসচা প্রতিনিধিদের সঙ্গে আবারও বৈঠক করবেন। তিনি বলেন, সড়ক নিরাপত্তায় নিসচাকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ছোটবেলা থেকেই নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করার প্রযাসকে তিনি পছন্দ করেন। নিসচার কর্মকাণ্ডের সঙ্গে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগেরও অনেকাংশে মিল রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সড়ক নিরাপত্তায় সরকারের বিভিন্ন উদ্যোগ
ঢাকা-৯ আসনের এমপি হাবিবুর রশিদ হাবিব বলেন, বর্তমান সরকার অল্প সময়ের মধ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে এআইভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঢাকার বাইরে টার্মিনাল স্থানান্তর এবং ঢাকা শহরকে যানজটমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
নিসচাকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংগঠনটির প্রয়োজন হলে তার সঙ্গে সাক্ষাতের জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতির প্রয়োজন হবে না। প্রয়োজনের সময় তাকে পাওয়া যাবে বলেও জানান তিনি।
নিসচার প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের মহাসচিব লিটন এরশাদ, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন বাবুল এবং ভাইস চেয়ারম্যান রাশেদুল হাসান।



























