বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গোবিপ্রবি আইন বিভাগের ৫ শিক্ষার্থী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত

গোবিপ্রবি আইন বিভাগের ৫ শিক্ষার্থী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত
ছবিঃ প্রতিনিধি

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

সুপারিশপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী হলেন—২০১৫–১৬ শিক্ষাবর্ষের আফরিনা আনসারী তুলি, ২০১৬–১৭ শিক্ষাবর্ষের হাসান মাহমুদ, ২০১৬–১৭ শিক্ষাবর্ষের এমদাদুল ইসলাম, ২০১৮–১৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ শিবলু রহমান এবং ২০১৯–২০ শিক্ষাবর্ষের দেবব্রত ভট্টাচার্য্য।

সাফল্যের অনুভূতি জানিয়ে দেবব্রত ভট্টাচার্য্য বলেন, “আমি ৫ম ব্যাচের ছাত্র এবং মাত্রই একাডেমিক পড়াশোনা শেষ করলাম। আমি আগে থেকেই বিজেএসের জন্য পড়াশোনা করছি। তবে এমন রেজাল্ট আসলেই আমার জন্য আনন্দের ও আশ্চর্যের। ভগবানের কৃপা ও সকলের দোয়া ছাড়া এ সাফল্য সম্ভব ছিল না। পরিশ্রমের ফলাফল আজ হোক বা কাল, সকলেই পাবে। আমি আমার ব্যাচ, আমার বিশ্ববিদ্যালয়, আমার শিক্ষকমণ্ডলী ও আমার সিনিয়রদের প্রতি কৃতজ্ঞ।”

এ বিষয়ে আইন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মানসুরা খানম বলেন, “প্রথম ব্যাচ থেকে এ পর্যন্ত মোট পাঁচটি ব্যাচ গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। এর আগেও তিনজন বিচারক হতে পেরেছে। তবে এই প্রথম একসঙ্গে পাঁচজন সুপারিশপ্রাপ্ত হলো। এর থেকে আনন্দের বিষয়, এই প্রথম আমাদের কোনো নারী শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হলো।”

তিনি আরও বলেন, “আমরা সবসময় চেষ্টা করছি সঠিক সময়ে ভর্তি নেওয়া এবং সেশনজটমুক্তভাবে সময়মতো স্নাতক সম্পন্ন করানোর। এর জন্য তারা প্রথম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। শিক্ষক হিসেবে শুধু এটুকুই আমাদের ক্রেডিট। শিক্ষার্থীরা যা করছে, সেটা তাদের পরিশ্রম ও প্রচেষ্টা। অনেক খুশি হয়েছি। তাদের সাফল্য কামনা করছি, যেন তারা জুডিশিয়াল সার্ভিসে সফলতার সঙ্গে সেবা দিতে পারে এবং তাদের মাধ্যমে যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ে।”

উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দেশের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা আয়োজন করে। প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়