ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম আবারও চালু
স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগের নিয়মে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে আবেদন করে ভোটাররা নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করতে পারবেন।
পাশাপাশি অনলাইনে ভোটার এলাকা স্থানান্তরের সেবাও পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে কমিশন। এ বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এর আগে নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকায় গত ১০ সেপ্টেম্বর থেকে ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছিল ইসি। তবে নির্বাচন পিছিয়ে যাওয়ায় এখন আবার এ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেভাবে সরাসরি আবেদন করা যাবে
আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তর করতে চাইলে উপজেলা বা থানা নির্বাচন অফিস এবং রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ে সরাসরি আবেদন করা যাবে।
এ ক্ষেত্রে নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় আবেদনকারীর দেওয়া তথ্য যাচাই-বাছাই করবে। যাচাই শেষে বিধি অনুযায়ী আবেদন নিষ্পত্তি করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ভোটার সংক্রান্ত তথ্য হালনাগাদ বা সংশ্লিষ্ট কাগজপত্র ইস্যু করা হবে।
অনলাইন সেবাও চালুর উদ্যোগ
সরাসরি আবেদনের পাশাপাশি অনলাইনে ভোটার এলাকা স্থানান্তরের সেবা চালু করার উদ্যোগ নিয়েছে ইসি।
এ জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজারকে (কারিগরি) ভোটার এলাকা স্থানান্তরের অনলাইন লিংক সচল করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। অনলাইন সেবা চালু হলে আবেদনকারীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন জমা দেওয়ার পরও সংশ্লিষ্ট মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয় আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই করবে। যাচাই শেষে নিয়ম অনুযায়ী আবেদন নিষ্পত্তি করা হবে এবং প্রয়োজন অনুসারে ভোটার সংক্রান্ত তথ্য আপডেট বা ইস্যু করা হবে।
ইসির নির্দেশনা অনুযায়ী, আবেদন গ্রহণ, তথ্য যাচাই-বাছাই এবং আবেদন নিষ্পত্তির পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ের মাধ্যমে সম্পন্ন হবে।
ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এ কার্যক্রম তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে।



























