মাদক ও সীমান্ত অপরাধ মোকাবিলায় সমন্বয় প্রয়োজন: পার্বত্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, মাদক সমস্যা, সীমান্ত অপরাধ ও শরণার্থী কেন্দ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের পারস্পরিক ভৌগোলিক ও সামাজিক সম্পর্কের কথা উল্লেখ করে মাস্টারপ্ল্যান অনুযায়ী কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
পার্বত্য মন্ত্রী বলেন, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম একই সুতোয় গাঁথা। কক্সবাজার ও বান্দরবানসহ দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে এবং দেশ-বিদেশে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে। এছাড়া কক্সবাজারের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটনসহ বিভিন্ন খাতে উন্নয়নের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রোহিঙ্গা শরণার্থীদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশ মাদক কারবার, চোরাচালান, নারী ও অবৈধ অস্ত্র পাচারের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এসব সংকট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সমন্বয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পেশ করার কথা বলেন তিনি। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহযোগিতায় স্থানীয় সমস্যাগুলোর স্থায়ী সমাধান করা হবে বলেও জানান তিনি।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম জাফরসহ স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিকেরা বক্তব্য রাখেন।



























