বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ১১ নভেম্বর ২০২৬

বাংলাদেশ রুটে বিমান ভাড়া কমানো ও সেবার মান বাড়ানোর নির্দেশ

বাংলাদেশ রুটে বিমান ভাড়া কমানো ও সেবার মান বাড়ানোর নির্দেশ
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দেওয়ার অভিযোগের বিষয়েও সতর্ক করেছে সংস্থাটি।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটির কাছে পাঠানো এক নির্দেশনায় এসব কথা জানানো হয়।

বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ রুটে পরিচালিত প্রতিটি ফ্লাইটে যাত্রীদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের যাত্রীসেবা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনায় বেবিচক জানায়, কিছু এয়ারলাইন্সের উড়োজাহাজের কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো উড়োজাহাজের আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে-টেবিলসহ বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যাচ্ছে। এতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যসম্মত ভ্রমণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার এবং সংশ্লিষ্ট সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দেওয়ার অভিযোগ পেয়েছে বেবিচক। এ ধরনের বৈষম্য দূর করে বাংলাদেশ রুটেও উপযুক্ত মানের উড়োজাহাজ পরিচালনা এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের সেবা ও সুযোগ-সুবিধা দেওয়া হয়, বাংলাদেশ রুটেও একই মান বজায় রাখতে হবে। উড়োজাহাজের নিরাপত্তা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বিমান ভাড়া নিয়েও উদ্বেগ জানিয়েছে বেবিচক। নির্দেশনায় বলা হয়েছে, ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত যাত্রীসেবার তুলনায় কিছু রুটে ভাড়া অপেক্ষাকৃত বেশি। তাই রুটের দূরত্ব ও সেবার মান বিবেচনায় ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচক জানিয়েছে, নির্দেশনায় উল্লেখ করা বিষয়গুলোর বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যাত্রীসেবার মান যাচাইয়ে সংস্থাটির পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে এয়ারলাইন্সগুলোর সেবার মান তদারকি করে যাত্রীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আরামদায়ক ভ্রমণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
 

সর্বশেষ

জনপ্রিয়