খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আটক ১১ জন
খাগড়াছড়ির গুইমারায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (১১ নভেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
সূত্র জানা যায়, গত ৯ নভেম্বর রাতে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা তা নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তেই আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে গুইমারা থানা-পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তারা পৌঁছানোর আগেই কার্যালয়টি পুড়ে যায়।
এদিকে একই দিন ভোররাতে খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া এলাকায় একটি চাঁদের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া খাগড়াছড়ি-দীঘিনালা ও খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের দুটি স্থানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার এসব ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের দায়ী করেন।



























