বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৯, ১১ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত

পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে সশস্ত্র হামলায় ৩১৬ জন নিহত
ছবিঃ সংগৃহীত

গত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন আরও ৪৯০ জন।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে তিনি এ পরিসংখ্যান তুলে ধরেন।

সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির তার প্রশ্নে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বসবাসরত বাঙালি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার বিষয়ে গত পাঁচ বছরের পরিসংখ্যান জানতে চান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ সময়কালে ৪৩৫ বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছেন।”

তিনি আরও জানান, একই সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১টি হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া অপহরণের ঘটনা ঘটেছে ২৯৭টি, জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ৪৭১টি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ৩৭৭টি।

পার্বত্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা হচ্ছে।

তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। অপরাধের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রচলিত আইনে মামলা করা হচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে। স্থানীয় প্রশাসনও পার্বত্য এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পার্বত্য চট্টগ্রামের নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র লক্ষ্য করেও অভিযান চালানো হচ্ছে। প্রয়োজনে বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

চাঁদাবাজি প্রতিরোধে গোষ্ঠীগুলোর অর্থের উৎস ও সংশ্লিষ্ট খাত শনাক্ত করে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এ জন্য বিভিন্ন স্থানে চেকপোস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও অন্যান্য আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করা হচ্ছে।

সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে যুক্ত সমতলের বিভিন্ন উৎস ও নেটওয়ার্ক শনাক্তে পুলিশ ও এসআরবি কাজ করছে।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়