শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে দাপুটে পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে লঙ্কানদের জালে চারবার বল পাঠিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শোমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ও রাকিবের গোলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। এর সুফলও মেলে দ্রুত। খেলার অষ্টম মিনিটেই এগিয়ে যায় দল। হামজা চৌধুরীর ক্রস সামলাতে গিয়ে বিপাকে পড়েন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় তা এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে আসে শোমিত সোমের সামনে। তার প্রথম শট গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি বলে দ্বিতীয় চেষ্টায় লক্ষ্যভেদ করেন তিনি। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন হামজা চৌধুরী। ৪৪ মিনিটে ইব্রাহিমের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে দ্রুত সামনে এগিয়ে যান তিনি। পথে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া জোরালো শট ঠেকাতে পারেননি গোলরক্ষক সুজন পেরেরা। তার শরীরে লেগে বল জড়িয়ে যায় জালে। প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেই গোলের দেখা পান হামজা। জাতীয় দলের জার্সিতে এটি তার পঞ্চম গোল। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের ব্যবধান কমাতে আক্রমণে ওঠে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো ৫৯ মিনিটে আরও একবার লঙ্কানদের জালে বল পাঠায় বাংলাদেশ।
এবার ব্যক্তিগত নৈপুণ্যে নজর কাড়েন ফারহান আলী। বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে যান তিনি। একে একে শ্রীলঙ্কার তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে পাঠান এই ফুটবলার। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
তিন গোলের লিড নিয়েও আক্রমণ থামায়নি লাল-সবুজের দল। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে চতুর্থ গোলটি করেন রাকিব। বক্সের বেশ খানিকটা বাইরে বল পেয়ে গতি বাড়িয়ে সামনে এগিয়ে যান তিনি। এক ডিফেন্ডারকে পেছনে ফেলে সামনে পান শুধু গোলরক্ষক সুজন পেরেরাকে। এরপর দারুণ এক চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন রাকিব।
এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ রানার্সআপ হয়েছে ভুটান।
আগামী ১৪ নভেম্বর রাত ৮টায় ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন দুপুরে অপর সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান।



























