রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মিরপুর থানায় তদবির করতে গিয়ে আটক জামায়াত-বিএনপি নেতাকর্মী

মিরপুর থানায় তদবির করতে গিয়ে আটক জামায়াত-বিএনপি নেতাকর্মী
ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসে জামায়াতের এক নেতা ও দুই বিএনপি কর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুচলেকা দিয়ে থানা থেকে মুক্ত হন তারা। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে মিরপুর থানায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন—মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি কর্মী মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি কর্মী শহীদুল ইসলাম (৫৩)।

মিরপুর থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করে থানায় নিয়ে আসা হয়। কৃষকলীগ নেতা হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি থানায় আসেন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন।

মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৯ মে রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় আট পিস ইয়াবাসহ ধরা পড়া এক মাদক কারবারিকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয় স্থানীয় বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মী। পরে তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়