সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ৫ অক্টোবর ২০২৬

টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি
ছবি: সংগৃহীত

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাইরে রেখে গণতন্ত্রকে সুসংহত ও টেকসই করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, গণতন্ত্রকে বিশ্বাসযোগ্য করতে হলে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিকল্প নেই।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত ‘ড্রাফট জেন্ডার ইকুয়ালিটি স্ট্রাটেজি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নারীদের অংশগ্রহণ। শুধু অংশগ্রহণ নয়, প্রয়োজন নারীদের কার্যকর অংশগ্রহণ। দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশ নাগরিককে বাদ দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘আমরা যদি গণতন্ত্রকে বিশ্বাসযোগ্য ও টেকসই করতে চাই, তবে দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশ নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের জন্য অপরিহার্য।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক অংশগ্রহণের আশা প্রকাশ করে সিইসি বলেন, ভোটার হিসেবে নারীদের অংশগ্রহণ বেশি হলেও প্রার্থী হিসেবে নারীদের সংখ্যা কম থাকবে। এর পেছনে রয়েছে সামাজিক সংস্কৃতি ও দীর্ঘদিনের বিশ্বাস।

তিনি আরও বলেন, মানুষ সহজে পরিবর্তন গ্রহণ করতে চায় না। পরিবর্তন আনতে গেলে আমরা  ১০ বার চিন্তা করি। তাই নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।

সিইসি বলেন, নির্বাচনে নারীদের যথাযথ অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা উচিত। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। প্রার্থীরা সবাই স্থানীয় বাসিন্দা হওয়ায় ভোটারদের কেন্দ্রে আনার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেন। ফলে এ নির্বাচনে ভোটার উপস্থিতি ব্যাপক হবে বলে মনে করেন তিনি। অতীতের পরিসংখ্যানও এর প্রমাণ দেয়।

জনপ্রিয়