অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের সদস্য গ্রেফতার
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তির নাম মো. সোহেল রানা (২৬)।
গতকাল রোববার রাত ৮টা ৪০ মিনিটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুরের পাঁচপীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় সোহেল রানার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।
তিনি জানান, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নিয়মিত অনলাইন মনিটরিংয়ের সময় বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সংঘবদ্ধ একটি চক্রের অবৈধ জুয়া পরিচালনা ও অর্থপাচারের তথ্য পাওয়া যায়। চক্রটি আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এসব জুয়ার অর্থ লেনদেনে বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বর এবং ব্যাংক হিসাব ব্যবহার করা হতো। দেশের বিভিন্ন এলাকায় নিয়োজিত এজেন্টদের মাধ্যমে জুয়ার অর্থ সংগ্রহ করতো চক্রটি। এজেন্টরা কমিশন রেখে বাকি অর্থ ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করতো বলে জানিয়েছেন সিআইডির এই কর্মকর্তা।
এ ঘটনায় গত ১৯ মে পল্টন মডেল থানায় মামলা করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। সাইবার সুরক্ষা আইনে মামলাটি করা হয়। পরে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি।
মামলার তদন্তের ধারাবাহিকতায় পাওয়া তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি দল অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করে।
পুলিশ সুপার ছুফি উল্লাহ আরও জানান, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। অনলাইন জুয়া ও অর্থপাচারের সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।



























