শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০২৬

জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান

জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান
ছবি: সংগৃহীত

জনগণের সমর্থন, ভালোবাসা ও শক্তির ওপর ভর করে বাংলাদেশকে পুনর্গঠন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে আপনাদের প্রত্যেকটি মানুষের সহযোগিতা ও সমর্থন দরকার। প্রিয় ভাই-বোনেরা আপনারা কি এমন বাংলাদেশ চান? তাহলে আমি সকলের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চাই।’

তারেক রহমান বলেন, ‘আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন, ভালোবাসা ও জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সাধারণ ও খেটে-খাওয়া মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে। নিরাপদে ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারবে।’

তিনি বলেন, ‘আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে মা-বোনেরা নিরাপদে কর্মসংস্থানের সুযোগ পাবে, নিরাপদে পথে চলতে পারবে। যেখানে শিশু ও ভবিষ্যৎ প্রজন্মরা সুন্দর শিক্ষা ব্যবস্থা পাবে। যেখানে পড়াশোনা শেষে তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে, বেকার থাকতে হবে না।’

তারেক রহমান বলেন, ‘আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে কেউ ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে না।’