মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
দলের সব পদ থেকে ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থি বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে তাকে বহিষ্কার করা হলো।
দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় বিএনপি ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত নিতে কঠোর থাকবে।
‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’ কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সীর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দল থেকে তাকে বহিষ্কার করল বিএনপি।



























