জনগণের শক্তিতেই দেশ পুনর্গঠন করবে বিএনপি: তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের শক্তির ওপর ভর করেই বিএনপি দেশ পুনর্গঠনের কাজ করবে।
রোববার রাতে রাজধানীর বাড্ডার সাতারকুলের সানভ্যালী মাঠে ঢাকা-১১ আসনের নির্বাচনী পথসভায় তারেক রহমান এ কথা বলেন।
তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। বহু ত্যাগ, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে জনগণ আজ সেই অধিকার ফিরে পেয়েছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না।’
তারেক রহমান বলেন, গত কয়েক বছরে দেশে নির্বাচন হয়েছে, কিন্তু মানুষ ভোট দিতে পারেনি। সারা বাংলাদেশেই মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। কিন্তু এবার ইনশাআল্লাহ জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।
এ সময় তিনি আরও বলেন, ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে এবং যারা জীবন উৎসর্গ করেছে— তাদের আত্মত্যাগের বিনিময়েই জনগণ আজ ভোটাধিকার ফিরে পেয়েছে।



























