বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ৪ জুন ২০২৬

‘দুই বছরেও বাড়বে না ঘোষণা দিয়ে ৩ মাসেই বাড়াল বিদ্যুতের দাম’

‘দুই বছরেও বাড়বে না ঘোষণা দিয়ে ৩ মাসেই বাড়াল বিদ্যুতের দাম’
ছবি: সংগৃহীত

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান সরকারের বিদ্যুৎমন্ত্রী বলেছিলেন, ‘আগামী দুই বছরে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।’

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলের আগের সমাবেশে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি ও গণভোটের চেতনা বাস্তবায়নের পরিবর্তে তারা জনগণের ওপর নতুন নতুন বোঝা চাপিয়ে দিচ্ছে। মাত্র কয়েক মাস আগে বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন গ্রাহক পর্যায়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে।’


তিনি বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব কৃষি, শিল্প, গার্মেন্টস, পরিবহন ও সাধারণ মানুষের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে পড়বে। বিদ্যুৎখাতে দুর্নীতি, সিস্টেম লস ও ক্যাপাসিটি চার্জের নামে অপচয় বন্ধ না করে জনগণের ঘাড়ে বাড়তি ব্যয় চাপিয়ে দেওয়া হয়েছে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের শর্ত পূরণের জন্য সরকার জনগণের ওপর মূল্যবৃদ্ধির চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, ‘আমরা আইএমএফের গোলাম নই। জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।’

তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, দুর্নীতি ও দলীয়করণ বেড়েছে। জনগণের প্রকৃত সমস্যার সমাধান না করে সরকার ভিন্ন খাতে মনোযোগ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এক মাসের ব্যবধানে দুই দফা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও গ্যাসের দাম বাড়ানোর ফলে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তিনি ইসলামী ব্যাংক নিয়ে নতুন করে ষড়যন্ত্র ও গ্রাহকদের আন্দোলনের ওপর পুলিশের হামলারও সমালোচনা করেন।

সমাবেশের সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন, কৃষি ও উৎপাদন খাতে ব্যয় বাড়বে এবং এর প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়বে। তিনি বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর ও কাকরাইল হয়ে শান্তিনগর এলাকায় গিয়ে শেষ হয়। এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সর্বশেষ