বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩, ৪ জুন ২০২৬

৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেকের চোখ এখন বিশ্বকাপে

৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেকের চোখ এখন বিশ্বকাপে
ছবি: সংগৃহীত

চার বছর আগে জাতীয় দলের জার্সি খুলে রাখতে হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতকে। এরপর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স, অপেক্ষা আর প্রত্যাবর্তনের লড়াই শেষে আবারও বাংলাদেশের ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজকে নতুন শুরুর মঞ্চ হিসেবে দেখছেন তিনি। তবে শুধু দলে ফেরাই নয়, মোসাদ্দেকের বড় লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে।

বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোসাদ্দেক বলেন, 'আমাদের যে স্ট্রাকচার, ঘরোয়া ক্রিকেটই একমাত্র জায়গা যেখানে ভালো খেললে নির্বাচকদের সুনজরে আসতে পারেন। আর তো কোনো পথ নেই। চেষ্টা করেছি সেখানে যত বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ভালো খেলা যায়। সেখানে ভালো খেলেই সুযোগটা এসেছে। যতদিন ক্যারিয়ার থাকবে, ততদিন যেন জাতীয় দলে খেলতে পারি সেই চেষ্টা থাকবে।'

প্রধান নির্বাচক ইতোমধ্যে মোসাদ্দেকের ভূমিকা স্পষ্ট করেছেন। সে প্রসঙ্গে তিনি বলেন, 'সুমন ভাই কাল ভালোভাবেই ক্লিয়ার করেছেন আমার ভূমিকা কী হবে। সেই জায়গা থেকে, সুযোগ এলে আমি চেষ্টা করব। হয়ত ৬-৭ নম্বরে ব্যাট করতে হবে, আবার দলের দরকারে ৫-৬ ওভার বল করা লাগতে পারে। আমার ছোট ছোট দায়িত্ব চেষ্টা করব পূরণ করার। ৬-৭ এ যারা ব্যাট করে, ওদের পরিসংখ্যান সমৃদ্ধ না। ইমপ্যাক্ট গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে ইমপ্যাক্ট রাখার চেষ্টা করব।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যাটারদের জন্য সহায়ক উইকেট দেখার প্রত্যাশা করছেন মোসাদ্দেক। তিনি বলেন, 'এখন তো উইকেট ভালোর দিকে। ডিপিএল ভালো উইকেটে খেলছি। গত ৬-৭ মাসে ঘরোয়ায় সবখানে ভালো উইকেট পাচ্ছি। আশা করি হাই স্কোরিং ম্যাচ হবে। আমাদের বোলিং অ্যাটাক এখন বিশ্বের বড় দলগুলোর সঙ্গে তুলনা করার মতো। হোমে যেভাবে ব্যাটাররা খেলছে, বিশেষ করে ওয়ানডেতে, এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা থাকবে।'

জাতীয় দলে প্রত্যাবর্তনের আনন্দের মাঝেও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে স্পষ্ট মোসাদ্দেক। ২০২৭ বিশ্বকাপে খেলার স্বপ্ন প্রসঙ্গে তিনি বলেন, 'অবশ্যই অনেক খুশি হবো। বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে, তার আগে যেসব সিরিজ আছে সেখানে ভালো খেলতে হবে। ভালো খেলতে পারলে আশা করতে পারি, ২০২৭ বিশ্বকাপে সোনালি সুযোগ অপেক্ষা করছে।'

সর্বশেষ