সোমবার ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৭, ২১ জুন ২০২৬

শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রশিবির

শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রশিবির
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় ছাত্রশিবিরের এক নেতাকে হত্যার অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি, বিএনপির নেতাকর্মীদের হামলায় শিবিরের বোনারপাড়া ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

রোববার (২১ জুন) রাত ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এতে মোড়ের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।

দলীয় সূত্রে জানা যায়, ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে তারা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

ছাত্রশিবির নেতারা অভিযোগ করেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় পরিকল্পিত হামলার মাধ্যমে তাদের নেতা সাইফুল্লাহ বারীকে হত্যা করা হয়েছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, বিচার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এর আগে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারের চারমাথা এলাকায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশ শিবির নেতা সাইফুল্লাহ বারীর ওপর হামলা চালান। এ সময় লোহার শাবল দিয়ে তার গলায় আঘাত করা হয়। হামলায় তার সঙ্গে থাকা সালাউদ্দিন নামে আরেক ব্যক্তি ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জনপ্রিয়