গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। মিছিল চলাকালে পুলিশ সদস্যদের লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে মহানগর যুবলীগের ব্যানারে স্থানীয় কলম্বিয়া গার্মেন্টসের সামনে থেকে মিছিলটি বের করা হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলের দিকে কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে এলে নেতা-কর্মীদের কয়েকজন চিৎকার করে বলেন, ‘ওই, একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু।’
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। তবে এটি আজকের নাকি আগের কোনো ঘটনার, তা যাচাই করা হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকার শাকিল এন্টারপ্রাইজের সামনে থেকে ২০ থেকে ৩০ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
মিছিলকারীরা ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে অগ্রসর হন।
ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল। এ ছাড়া ব্যানারের এক পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের ছবি দেখা যায়।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, সকালে মিছিল হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।



























