আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় ছেলেদের দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন বাকৃবি
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা ২০২৫-২৬ এ ছেলেদের দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতি গড়ে বাকৃবি কেরাম দল।
রবিবার (২১ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারামের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এর আগে কোয়ার্টার ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ও সেমিফাইনালে কুয়েটকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাকৃবি। ফাইনাল খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সরাসরি ২-০ তে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। এবারের ক্যারাম প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাকৃবি ক্যারাম দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার এবং দলের কোচের দায়িত্বে ছিলেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের উপ পরিচালক মো. শাহীন হালিম।
এবিষয়ে অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের এমন অর্জন বরাবরই ভালো লাগে উপভোগ করি। আমাদের টিমটা অনেক ভালো ছিল। প্রতিযোগিতাজুড়ে ছেলেরা ডোমিনেন্ট করে জিতেছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ক্যাম্পাসের বাইরে গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড খুব একটা নেই। সাধারণত দল আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম খেলায় দ্বিতীয় বা তৃতীয় স্থান অর্জন করে। তাই ক্যারামে এই চ্যাম্পিয়নশিপ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় সাফল্য।’
তিনি আরও বলেন, ‘একক ইভেন্টেও আমাদের খেলোয়াড়রা ভালো খেলেছিল। তবে কোয়ার্টার ফাইনালে কিছু ভুলের কারণে প্রতিপক্ষকে পয়েন্ট দিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ি। তবে আশার কথা খেলোয়াড়দেরকে কেরাম ফেডারেশন থেকে আগামী মাসের ৩ তারিখে একটি ফ্রি ক্যাম্পেইনে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে প্রি-সিলেকশন থাকতে পারলে তাদের জাতীয় দলে খেলার সুযোগের সম্ভাবনা রয়েছে।’



























