বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৪১, ৪ নভেম্বর ২০২৬

রাশেদ খাঁন

আওয়ামী জামানায় নিষিদ্ধ ছাত্রলীগে গুপ্ত ছিলেন সাদিক কায়েম

আওয়ামী জামানায় নিষিদ্ধ ছাত্রলীগে গুপ্ত ছিলেন সাদিক কায়েম
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে গুপ্ত আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদার) রাশেদ খাঁন বলেছেন, “আমরা যখন ক্যাম্পাসে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন করেছি, তখন গুপ্ত সাদিক কায়েম ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে সাদ্দামের নেতৃত্বে মিছিল করেছে।”

বুধবার (৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এমন মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, “আওয়ামী জামানায় নিষিদ্ধ ছাত্রলীগে গুপ্ত, বর্তমান জামায়াত নেতা সাদিক কায়েম লিখেছেন, বিএনপি সরকার শ্রমিক তৌফিককে হত্যা করেছে। তৌফিক হত্যার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং সরকারকে শ্রমিক হত্যার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শ্রমিক মারার সরকার, আর নয় দরকার।”

প্রশ্ন রেখে তিনি লেখেন, “নিষিদ্ধ ছাত্রলীগে গুপ্ত সাদিক কায়েমের কাছে কোনো প্রমাণ আছে যে, বিএনপি সরকার শ্রমিক তৌফিককে হত্যা করেছে? প্রমাণ থাকলে সেগুলো তুলে ধরছে না কেন? নাকি ছাত্রলীগের প্রতি তার যৌবনের প্রথম প্রেম আজও রয়ে গেছে? সে কি অন্ধ, দেখে নাই, প্রত্যক্ষদর্শীদের বরাতে সমস্ত গণমাধ্যমে নিউজ হয়েছে যে, হামলা-ভাঙচুরের ভিডিও করায় বিক্ষুব্ধ শ্রমিক নামধারী দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তবুও সে শ্রমিক হত্যার দায়ে বিএনপি সরকারের পদত্যাগ চায়!”

রাশেদ খাঁন লেখেন, “কখনো আ’লীগ ফিরলে এই গুপ্ত সাদিক কায়েমরা আবারও ছা’লীগ হয়ে যাবে। আমরা ঢাবি ক্যাম্পাসে যখন শহীদ আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন করেছি, তখন এই গুপ্ত সাদিক কায়েম ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে সাদ্দামের নেতৃত্বে মিছিল করেছে। তাহলে বোঝেন এরা কেমন বিপ্লবী! এরা সুসময়ের কৌশলী বিপ্লবী।”

শেষে তিনি লেখেন, “এ বিষয়ে লিখলাম এই কারণে যে, ওরা হত্যার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে শ্রমিক নামধারী আ’লীগের তাণ্ডবকে আরও বেগবান করতে চাচ্ছে। তাই বাংলাদেশপন্থি সবাইকে ওদের ভুয়া ন্যারেটিভের বিষয়ে সোচ্চার থাকতে হবে। সরকার সঠিক সিদ্ধান্তের মাধ্যমে শ্রমিকদের কাজে ফেরাতে সক্ষম হওয়ায় ওরা খুব কষ্ট পেয়েছে! ওরা ভাবছিল যে, এই ইস্যুকে পুঁজি করে সরকারকে ফেলে দেব! কিন্তু ওদের স্বপ্নভঙ্গ হওয়ায় ওরা সব পাগল হয়ে গেছে!”

সর্বশেষ

জনপ্রিয়