জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)।
আজ বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত শাহরিয়ারকে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার ঝুঁকি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, শাহরিয়ার জামানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের বড় ধরনের কাটা ক্ষত তৈরি হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও পরবর্তী জটিলতা এড়াতে তাকে রাজধানীর উচ্চতর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন জানান, বুধবার রাতে ব্যক্তিগত কাজে গচিহাটা বাজারে গিয়েছিলেন তার ছেলে শাহরিয়ার জামান। সেখানে পৌঁছামাত্র একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ছেলের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ।”



























