বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০০:১১, ৫ নভেম্বর ২০২৬

রংপুরে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের বাধা ও হেনস্তা

রংপুরে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের বাধা ও হেনস্তা
ছবিঃ সংগৃহীত

রংপুর নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে একাধিক সাংবাদিককে লাঞ্ছিত ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়েছেন দখলকারীরা।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে নগরীর খামার মোড় থেকে লালবাগ রেলক্রসিং পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে এ ঘটনা ঘটে।

সাংবাদিকরা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামে রংপুর সিটি করপোরেশন। সেই খবর সংগ্রহের জেরেই সাংবাদিকদের ওপর লাঠিসোঁটা, বঁটিসহ দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে আসেন দখলকারীরা। এছাড়া সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা কেড়ে নেওয়া, লাইভ চলাকালীন অকথ্য ভাষায় গালিগালাজ, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়াসহ নানাভাবে সাংবাদিকদের হেনস্তা করা হয়। এসময় পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত থাকলেও তারা এ নিয়ে নীরব ভূমিকা পালন করেন।

ভুক্তভোগী সাংবাদিক রেদওয়ান হিমেল বলেন, “আমি লাইভ করছিলাম। সেই লাইভ চলাকালীন একজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমি কৌশলে তাকে থামতে বললে তিনি আরও জোর গলায় গালিগালাজ করেন। আরেকজন তো আমার দিকে লাঠি নিয়ে তেড়ে আসেন।”

সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক বলেন, “সংবাদ সংগ্রহ করতে এসে উচ্ছেদের কিছু ভিডিও ধারণ করছিলাম। এসময় এক নারী এসে আমার মোবাইলফোনটি কেড়ে নিয়ে চলে যায়। পরে মোবাইল ফেরত দেওয়ার অনুরোধ করলে তারা আমাকে মারার হুমকি দেয়। পুলিশ-প্রশাসনের লোকজন সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও সাংবাদিকদের ওপর এমন আচরণ দুঃখজনক।”

তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘটনাস্থলে উপস্থিত রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানকে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। তবে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে তিনি আশ্বস্ত করেন।

রংপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, “ফুটপাতে নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে গত এক মাস ধরে রংপুর জেলা প্রশাসন, রংপুর সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। যেসব ফুটপাত এখনো অবৈধ দখলে রয়েছে তা উচ্ছেদ করা হবে।”

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়