ইউপি নির্বাচন সামনে রেখে ইসির নতুন নির্দেশনা
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না, সীমানাসংক্রান্ত বিরোধ কিংবা আইনি জটিলতা রয়েছে কি না, তা খতিয়ে দেখে নির্ভুল তথ্য পাঠাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বলা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট জেলার সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা তৈরি করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়।
তবে তালিকায় নির্বাচন উপযোগী সব ইউনিয়নের নাম যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, কোনো ইউনিয়ন বাদ পড়েছে কি না এবং আইনি জটিলতা ও সীমানাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সর্বশেষ তথ্য যুক্ত হয়েছে কি না, তা আবারও যাচাই করতে বলেছে কমিশন।
নির্দেশনায় বলা হয়েছে, যাচাই-বাছাইয়ের পর ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানাসংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাসসহ অন্য কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন হলে আগামী ৮ নভেম্বরের মধ্যে সংশোধিত তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে হবে।
ইসি সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ নির্বাচনের তফসিল আগামী ১০ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে। পাঁচ ধাপে স্থানীয় সরকারের এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।
দেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলো ২০২৭ ও ২০২৮ সালে নির্বাচন উপযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এবার সারা দেশে মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী কেন্দ্র ৪২৫টি।
নির্ধারিত কেন্দ্রগুলোতে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।
এ ছাড়া আগামী ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বর্তমানে দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।



























