আসিফ নজরুলের বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয় : বিসিবি
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) একাধিকবার চিঠি দিয়েছে বোর্ড। বিসিবির অভিযোগ আমলে নিয়ে আইসিসির নিরাপত্তা দল তিনটি সম্ভাব্য ঝুঁকির কথা জানিয়েছে—আজ বিকেলে এমন মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
তবে আসিফ নজরুলের এই বক্তব্যকে আইসিসির কোনো আনুষ্ঠানিক অবস্থান হিসেবে দেখা যাবে না বলে জানিয়েছে বিসিবি। বিশ্বকাপ ইস্যুতে নিরাপত্তা শঙ্কা পর্যালোচনার অংশ হিসেবে আইসিসির আন্তঃবিভাগীয় আলোচনার ভেতরে হওয়া একটি যোগাযোগের কথা তিনি উল্লেখ করেছেন বলে ব্যাখ্যা দিয়েছে বোর্ড। আসিফের বক্তব্যের কয়েক ঘণ্টা পরই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করে বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আজ আইসিসি-সংক্রান্ত যে চিঠির কথা উল্লেখ করেছেন, সেটি মূলত বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এই যোগাযোগের উদ্দেশ্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন। এটি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক আবেদনের জবাবে আইসিসির চূড়ান্ত বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়।’
বোর্ড আরও জানায়, দলের নিরাপত্তার স্বার্থে ভেন্যু সংক্রান্ত উদ্বেগ তারা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অবহিত করেছে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত জবাব পায়নি বিসিবি।
সবশেষে বিসিবি নিশ্চিত করেছে, বিষয়টি নিয়ে তারা নিয়মিতভাবে আইসিসির সঙ্গে যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।



























