এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ
হাঁটুর চোটে কিছুটা থমকে গেছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের ছন্দ। ফলে টানা কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে। তবে বড় ম্যাচ সামনে রেখে এমবাপের দ্রুত ফেরার আশায় রয়েছে দলটি।
হাঁটুর পুরোনো ইনজুরির কারণে কিলিয়ান এমবাপে লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ দুটি করে ম্যাচে খেলতে পারেননি। আজ লা লিগায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে এলচে ক্লাবের। তবে এই ম্যাচেও দলে থাকছেন না ফরাসি এই ফরোয়ার্ড।
দলে না থাকার সময়টা যেন আরও বাড়ছে এমবাপের জন্য। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে তাকে একাদশে পাওয়ার ব্যাপারে আশাবাদী রিয়াল কোচ আলভারো আরবেলোয়া।
আগামী ১৮ মার্চ ম্যানচেস্টার সিটির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে এমবাপের খেলা নিয়ে আলভারো আরবেলোয়া বলেন, প্রতিদিনই এমবাপের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তার সেরে ওঠার প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তিনি বলেন, “আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি, যা তার উন্নতির ওপর নির্ভর করছে। তবে আমি দেখছি সে ভালো করছে। আগামীকালের (আজ) ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে আশা করছি, সে ম্যানচেস্টারে দলের সঙ্গে যেতে পারবে। আমরা আগামীকাল তার অবস্থা দেখব এবং রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
প্রসঙ্গত, নিজেদের মাঠে প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ৩–০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। তবে ফিরতি লেগ প্রতিপক্ষের মাঠে হওয়ায় সতর্ক অবস্থানেই রয়েছে স্প্যানিশ ক্লাবটি।
এদিকে এমবাপের চোট দুশ্চিন্তায় ফেলছে ফ্রান্স জাতীয় দলকেও। আর মাত্র তিন মাস পরই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, হাঁটুর এই চোট নিয়েই বিশ্বকাপে যেতে পারেন কিলিয়ান এমবাপে—এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



























